রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

ছবিঃ প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলার দাদসী ইউনিয়নে পূর্ব শত্রুতা ও ব্যবসায়িক লেনদেনের জের ধরে সোহেল শেখ নামে এক ব্যক্তিকে লোহার পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।
সকাল ৯টার দিকে দাদসী ইউনিয়নের সমেষপুর এলাকায় জলিল মিয়ার দোকানের পাশে একটি চাপড়া ঘরে এই হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার সোহেল শেখ সমেষপুর গ্রামের ইব্রাহীম শেখের ছেলে। এই ঘটনায় তিনি বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একই এলাকার চাঁদু খাঁর তিন ছেলে তাজুল খান, ওয়াজেদ খান ওজি এবং বিপ্লব খানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আহত সোহেল শেখ ও অভিযুক্তরা পরস্পর প্রতিবেশী। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক লেনদেন নিয়ে পূর্ব বিরোধ চলছিল।
এর জের ধরে বিবাদীরা বিভিন্ন সময় সোহেল শেখকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলো। সকালে সোহেল শেখ স্থানীয় একটি দোকানে বসে থাকার সময় অভিযুক্ত তিন ভাই লোহার পাইপ, বাঁশের লাঠি ও কাঠের বাঁটাম নিয়ে অতর্কিত তার ওপর হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
এ সময় সোহেল শেখের ডাক চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই খুন করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা শেষে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।
অভিযুক্ত তাজুল খান বলেন, ঘটনার পরে বেশ কয়েকজন গ্রামবাসী তার বাড়ি ঘরে হামলা ভাংচুর চালিয়েছে। তিনিও ঘটনার সুস্ঠ তদন্ত ও বিচার দাবী করেন।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ জানায়, মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






