আর্জেন্টিনার বিশেষ আবদার মেনে নিল ফিফা

আর্জেন্টিনার গাঢ় নীল অ্যাওয়ে জার্সি । সংগৃহীত
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সির বদলে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরতে ফিফার বিশেষ অনুমতি পেয়েছে আর্জেন্টিনা। দলের অনুরোধে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এই অনুমোদন দিয়েছে।
সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এই ম্যাচের বিজয়ী দল ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।
আর্জেন্টিনার নীল জার্সি বেছে নেওয়ার পেছনে রয়েছে ইতিহাসের একটি বিশ্বাসও। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ম্যাচে এবং ১৯৯৮ বিশ্বকাপের নাটকীয় লড়াইয়ে আর্জেন্টিনা নেভি নীল জার্সি পরে খেলেছিল। দুই ম্যাচেই জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা। বিপরীতে ১৯৬৬ ও ২০০২ বিশ্বকাপে ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সি পরে ইংল্যান্ডের কাছে হেরেছিল তারা।
এই কাকতালীয় ইতিহাসকে শুভ লক্ষণ মনে করেই সেমিফাইনালে নীল জার্সি পরার অনুমতি চেয়েছিল আর্জেন্টিনা। ফিফা সেই অনুরোধ মঞ্জুর করায় ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতেই মাঠে নামবে লিওনেল মেসির দল।
বিষয়টি নিয়ে রসিকতাও করেছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। তিনি বলেন, আর্জেন্টিনা যদি কুসংস্কার বা সৌভাগ্যের বিশ্বাস থেকে নীল জার্সি বেছে নিয়ে থাকে, তবে সেটি তাদের সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতে তিনি নিজেও হয়তো একই কাজ করতেন।
এখন দেখার বিষয়, ‘পয়া’ নীল জার্সি আর্জেন্টিনাকে ফাইনালের টিকিট এনে দিতে পারে কি না। তার উত্তর মিলবে আজ রাতের হাইভোল্টেজ সেমিফাইনাল শেষে।
প্রাইম টিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








