এমবোলো কেন লাল কার্ড পেলেন মেসিদের বিপক্ষে, কী বলছে নতুন নিয়ম

ছবিঃ সংগৃহীত
ফিফা বিশ্বকাপে চালু হওয়া নতুন ‘মিসটেইকেন আইডেন্টিটি রুল’ আবারও আলোচনায় এসেছে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে ঘিরে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখার ঘটনায় এই নিয়মের প্রয়োগ নিয়ে ফুটবল অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।
ফিফার নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে ভুলবশত হলুদ বা লাল কার্ড দেখানো হলে এবং পরে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) পর্যালোচনায় দেখা যায় যে ফাউলটি অন্য কোনো খেলোয়াড় করেছেন, তাহলে রেফারি সেই কার্ড প্রত্যাহার করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিতে পারবেন।
অর্থাৎ, আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে যদি রেফারি প্রথমেই হলুদ কার্ড না দেখাতেন, তাহলে ‘মিসটেইকেন আইডেন্টিটি রুল’ অনুযায়ী ব্রিল এমবোলোর বিরুদ্ধে পরবর্তীতে হলুদ কার্ড দেখানোর সুযোগ থাকত না বলে ব্যাখ্যা করা হচ্ছে।
চলতি বিশ্বকাপে এর আগে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচে প্রথমবারের মতো এই নিয়মের বাস্তব প্রয়োগ দেখা যায়। সেই ম্যাচে প্যারাগুয়ের মিগেল আলমিরনকে ফাউল করার দায়ে যুক্তরাষ্ট্রের টিম রিমকে প্রথমে হলুদ কার্ড দেখানো হয়েছিল। তবে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, আলমিরন ফাউল আদায়ের জন্য ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়েছেন। পরে সিদ্ধান্ত বদলে টিম রিমের হলুদ কার্ড প্রত্যাহার করা হয় এবং উল্টো ‘সিমুলেশন’-এর দায়ে আলমিরনকে হলুদ কার্ড দেখানো হয়।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও এমবোলো ফাউল আদায়ের জন্য ডাইভ দিয়েছেন কি না, তা নিয়েও আলোচনা চলছে। ফুটবলের নিয়ম অনুযায়ী, ডাইভ বা ‘সিমুলেশন’ প্রমাণিত হলে রেফারি হলুদ কার্ড দেখাতে পারেন। তবে প্রতিটি ঘটনায় হলুদ কার্ড দেখানো বাধ্যতামূলক নয়; ম্যাচ পরিচালনাকারী রেফারির বিচার-বিবেচনার ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









