জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করে ৭ উইকেটের জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে মেহেদী হাসান মিরাজের দল। যদিও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে জিম্বাবুয়ে।

শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ের ব্যাটারদের চাপে রাখেন টাইগার বোলাররা। ৪৮.১ ওভারে ১৯৯ রানে অলআউট হয় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন শরীফুল ইসলাম। ৪৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার। এছাড়া তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম দুটি করে উইকেট নেন। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন ওয়েসলি মাধেভেরে। শেষদিকে ব্র্যাড ইভান্সের ৫০ রানের ইনিংস দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১৫২ রান, যা বাংলাদেশের জয় অনেকটাই নিশ্চিত করে দেয়।

সৌম্য সরকার ৮২ বলে ৬৯ রান করে বিদায় নেন। অন্যদিকে সেঞ্চুরির খুব কাছে গিয়েও হতাশ হতে হয় তানজিদ তামিমকে। ১০১ বলে ৯৪ রান করে আউট হন এই বাঁহাতি ওপেনার।

তামিমকে সেঞ্চুরি করার সুযোগ করে দিতে নাজমুল হোসেন শান্ত এক ওভার ডিফেন্সিভ ব্যাটিং করলেও পরের ওভারের প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে আউট হন তামিম। এরপর ৩৫.২ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য স্পর্শ করে বাংলাদেশ।

এই জয়ে সিরিজে সান্ত্বনার জয় পেলেও প্রথম দুই ম্যাচে হারের কারণে ট্রফি উঠেছে জিম্বাবুয়ের হাতেই।

প্রাইমটিভি/এনজি