স্পেনের কাছে ফ্রান্সের বিশ্বকাপ স্বপ্নভঙ্গ: হারের দায় নিজের কাঁধেও নিলেন এমবাপ্পে

হতাশার অশ্রু চোখে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে । প্রাইম টিভি
ফ্রান্সের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ার পর হতাশা লুকাননি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। স্পেনের কাছে ২-০ গোলে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর নিজের দলের পারফরম্যান্স নিয়ে কঠোর আত্মসমালোচনা করেছেন তিনি।
ম্যাচ শেষে ফরাসি টেলিভিশন চ্যানেল এম৬-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, কৌশলগত ও কারিগরি দুই দিক থেকেই প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি ফ্রান্স। তার ভাষায়, দল নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে এবং এমন পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল জেতা সম্ভব নয়।
স্পেনের প্রশংসা করে ফরাসি অধিনায়ক বলেন, প্রতিপক্ষ নিজেদের স্বাভাবিক খেলাই খেলেছে। শুরু থেকেই স্পেনের ওপর চাপ সৃষ্টি করে তাদের ছন্দ নষ্ট করার পরিকল্পনা ছিল ফ্রান্সের। কিন্তু অতিরিক্ত কারিগরি ভুল ও কার্যকর প্রেসিংয়ের অভাবে সেই পরিকল্পনা সফল হয়নি। ফলে ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিতে পারেনি দলটি।
মিডফিল্ডের লড়াইয়ে পিছিয়ে পড়াকেও পরাজয়ের বড় কারণ হিসেবে দেখছেন এমবাপ্পে। তিনি বলেন, স্পেনের মিডফিল্ডার ফাবিয়ান রুইজ ও রদ্রি অনেকটা সময় ও স্বাধীনতা পেয়েছেন। তাদের বিপক্ষে আরও নিবিড় মার্কিং এবং সমন্বিত প্রেসিং করা উচিত ছিল বলে মনে করেন তিনি।
এছাড়া, বল পুনরুদ্ধারের পর প্রথম স্পর্শ ও আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রেও ফ্রান্স প্রত্যাশিত মান ধরে রাখতে পারেনি বলে মন্তব্য করেন এমবাপ্পে। তার মতে, ছোট ছোট ভুলের সমষ্টিই শেষ পর্যন্ত দলকে বিদায়ের পথ দেখিয়েছে।
নিজেদের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে এমবাপ্পে স্বীকার করেন, ফাইনালে ওঠার জন্য যা যা করা দরকার ছিল, তার সবকিছুই করতে পারেনি ফ্রান্স।
তবে হতাশার মাঝেও ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন ফরাসি অধিনায়ক। তিনি বলেন, কিছুটা বিশ্রাম নিয়ে আবার নতুন করে শুরু করতে হবে। এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফেরাই এখন তাদের লক্ষ্য।
প্রাইমটিভি/এনজি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









