পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করা আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েছেন। সেখানে অবস্থান নিয়ে তাঁরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও স্লোগান দিচ্ছেন।

বুধবার (১৫ জুলাই) বেলা আড়াইটার দিকে একদল শিক্ষার্থী সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে কর্মসূচি শুরু করেন। এতে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন জানান, বেলা ২টা ৩৫ মিনিটের দিকে প্রায় ৫০ থেকে ১০০ জন শিক্ষার্থী সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন। তাঁরা প্রায় ১৫ থেকে ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখার পর সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা অতিক্রম করে বিকেল ৪টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছান। তবে সেখানে আগে থেকেই ব্যারিকেড বসিয়ে অবস্থান নেয় পুলিশ। ফলে শিক্ষা ভবনের সামনে গিয়ে তাঁদের অগ্রযাত্রা থেমে যায়।

ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই তাঁরা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ কর্মসূচি পালন করছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

প্রাইমটিভি/এমএইচ