সৌদির তেল সরবরাহ কেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

ছবি:সংগৃহীত
সৌদি আরবের পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।
গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, সৌদির পূর্বাঞ্চল থেকে ইয়ানবু বন্দর পর্যন্ত অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের কয়েকটি সংবেদনশীল স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন অভিযান পরিচালনা করা হয়েছে। ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের বারবার অনুপ্রবেশের জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
তবে হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া হুথিদের এ দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে সোমবার ভোরে সৌদি আরব জানিয়েছিল, ইরাকের ভূখণ্ড থেকে দেশটির তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ছোড়া কয়েকটি ড্রোন তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে।
উল্লেখ্য, এর আগের সপ্তাহে সৌদি আরবের দিকে সামুদ্রিক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছিল হুথি বিদ্রোহীরা।
সূত্র: আনাদোলু এজেন্সি

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








