আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু

ছবি:সংগৃহীত
দীর্ঘ ৪৫ দিন পর পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর অনুমোদন পেয়েছে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স ফেরত দিয়ে চিকিৎসাসেবা পুনরায় চালুর অনুমতি দিয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা আদেশের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত ৪৫.০০.০০০০.০০০.১৬৩.২৭.০০১৪.২৬ (অংশ-২).১০৩ নম্বর স্মারকে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর বিষয়টি জানানো হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগ (ইমার্জেন্সি)সহ সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় চালু হবে।
লাইসেন্স ফিরে পাওয়ায় মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করেছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, চিকিৎসক, পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাক্টিভিস্ট এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এছাড়া, হাসপাতালটির পক্ষে বিভিন্ন সময়ে যারা সোচ্চার হয়ে সমর্থন ও সহযোগিতা করেছেন, তাদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





