রাষ্ট্রপতি পদে মনোনয়ন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তিনি বিএনপিকে ফ্যাসিবাদী বলার সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমিরকে গণতন্ত্র সম্পর্কে আরও পড়াশোনা করার পরামর্শ দিয়েছেন।

সোমবার (২৭ জুলাই) রংপুর টার্মিনাল এলাকায় বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই দেওয়া হবে। বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের হয় জ্ঞানের অভাব রয়েছে, নয়তো তাদের মানসিকতা সেভাবেই গড়ে উঠেছে। বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল।

জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, গণতন্ত্র সম্পর্কে আরও ভালোভাবে পড়াশোনা করা উচিত। এরপর কী ব্যবস্থা হবে, তা দেখা যাবে। জামায়াতে ইসলামী গণতান্ত্রিক দল কি না, সেটি তাদের নিজেদেরই বিবেচনা করা উচিত।

তিনি আরও বলেন, সরকারের মেয়াদ মাত্র চার মাস অতিরিক্ত হয়েছে। এরই মধ্যে কৃষি উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে এবং কৃষিখাতে বিভিন্ন প্রণোদনা ঘোষণা করা হয়েছে।

পরে রংপুর শিল্পকলা একাডেমিতে চেক বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল জানান, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরকার প্রতিটি পরিবারের জন্য আড়াই হাজার টাকা সহায়তার ফ্যামিলি কার্ড দিচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ ৪১ লাখ পরিবারকে এই কার্ডের আওতায় আনা হবে। এছাড়া কৃষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মন্দিরের সেবক ও গির্জার পাদরিদেরও ভাতার আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

রংপুর ও রাজশাহী বিভাগকে কৃষিভিত্তিক উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বড় ও ছোট বিনিয়োগকারীদের উৎসাহিত করার কথাও জানান মন্ত্রী। তিনি পল্লী মেলায় প্রদর্শিত চাদর, কার্পেট, নকশিকাঁথা, বেডকভার ও বিভিন্ন হস্তশিল্প পণ্য ঘুরে দেখে বলেন, এসব পণ্যের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। সেগুলো রপ্তানি করা গেলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে।

সবশেষে তিনি বলেন, আগের সরকারের ১৫ বছরের শাসনের কারণে উন্নয়ন কার্যক্রমে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় জনগণকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনারা উদ্যোগ নিন, আমরা কাজ করব।"

প্রাইমটিভি/এমআর