ভুয়া খবর না ছড়িয়ে ফুটবল উপভোগের আহ্বান ইনফান্তিনোর

ছবি:সংগৃহীত
সদ্য শেষ হওয়া ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ওঠা নানা সমালোচনার জবাব দিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সমালোচকদের উদ্দেশে তিনি বলেছেন, যারা এই বিশ্বকাপের সমালোচনা করেছেন, তারা মূলত "ঘৃণায় আচ্ছন্ন" ছিলেন।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ১৫ স্লাইডের একটি দীর্ঘ বার্তা প্রকাশ করেন ইনফান্তিনো। পরে সেটি ফিফার অফিসিয়াল প্ল্যাটফর্মেও প্রকাশ করা হয়। সেখানে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের আয়োজনকে সফল দাবি করে বলেন, পুরো টুর্নামেন্ট ছিল নিরাপদ ও সুরক্ষিত এবং এতে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
ইনফান্তিনোর ভাষ্য, ভিসা জটিলতা বা রাজনৈতিক বিতর্কের মতো কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকলেও ২০০টিরও বেশি দেশ থেকে আসা প্রায় ৭০ লাখ দর্শকের অংশগ্রহণ এবং টুর্নামেন্টের সামগ্রিক সাফল্য সব সমালোচনাকে ছাপিয়ে গেছে। তিনি সমালোচকদের উদ্দেশে বলেন, নেতিবাচকতা বা গুজব ছড়ানোর বদলে ধ্যান, প্রার্থনা কিংবা ফুটবল উপভোগের মাধ্যমে মানসিক শান্তি খুঁজে নেওয়া উচিত।
তিনি আরও বলেন, "যারা কলম ও কাগজের আড়ালে বসে ঘৃণা ছড়াচ্ছেন, আমরা ফিফাতে সামনের সারিতে থেকে বিশ্বের সেরা আয়োজনটি উপহার দিচ্ছি।" একই সঙ্গে ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করার শক্তি রাখে বলেও মন্তব্য করেন তিনি।
ইরান ও সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক উত্তেজনার মধ্যেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণকে বড় সাফল্য হিসেবে তুলে ধরেন ফিফা সভাপতি। তার দাবি, ফুটবল দুই দেশের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হয়েছে।
তবে ইনফান্তিনোর এই দাবির বিপরীতে টুর্নামেন্টজুড়ে একের পর এক বিতর্ক সামনে আসে। ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই তার দলকে বিশ্বকাপের "সবচেয়ে নিপীড়িত দল" বলে উল্লেখ করেন। ভিসা বিলম্ব, কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যান এবং প্রশিক্ষণ ক্যাম্প মেক্সিকোতে স্থানান্তরের মতো নানা সমস্যার অভিযোগ তোলে ইরান।
এছাড়া মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করার ফিফার সিদ্ধান্তও ব্যাপক সমালোচনার জন্ম দেয়। উয়েফা এ সিদ্ধান্তকে নজিরবিহীন ও অন্যায্য বলে মন্তব্য করে।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেন ম্যাচ শেষে হাতাহাতি, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আইশোস্পিডের প্রতি বর্ণবাদী আচরণের অভিযোগ এবং সমর্থকদের আটকের ঘটনাও আলোচনায় ছিল। এসব ঘটনার পরও ইনফান্তিনো পুরো টুর্নামেন্টকে "সম্পূর্ণ সহিংসতামুক্ত" বলে দাবি করেছেন।
বার্তার শেষাংশে তিনি বলেন, "ফুটবল বিশ্বকে ঐক্যবদ্ধ করে। তাই ঘৃণা নয়, ভালোবাসার মাধ্যমে এই খেলাটির আবেগ ও সৌন্দর্য উপভোগ করা উচিত সবার।"
সূত্র- গোল ডট কম
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








