ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বোর্দো শহরের কাছে দ্রুত ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। সোমবার (২৭ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বোর্দোর মেয়র থমাস কাজেনাভ জানিয়েছেন, নতুন করে শুরু হওয়া তাপপ্রবাহ চলমান দাবানল নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলতে পারে। বর্তমানে আগুন বোর্দো শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পৌঁছে গেছে। তবে এখনই শহরের প্রায় সাড়ে আট লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে তিনি জানিয়েছেন।

ফ্রান্সের আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে, মঙ্গলবার থেকে দেশের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এতে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

গত এক সপ্তাহ ধরে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দুই দেশে প্রায় ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ফ্রান্সে দাবানলের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় ৪২ হাজার হেক্টর বনভূমি ও ভূমি পুড়ে গেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অন্যতম বড় দাবানল হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশজুড়ে প্রায় ৯৮ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ইতোমধ্যে ২ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেছেন, যতদিন প্রয়োজন হবে সরকার ততদিন সহায়তা অব্যাহত রাখবে এবং পুনর্গঠন কার্যক্রম চালিয়ে যাবে।

প্রাইমটিভি/এনজি