সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

ছবি:সংগৃহীত
ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত 'সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬'-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে তিনি এ পর্ষদের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী প্রথমে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধানদের ছবির প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় জেনারেল এম. এ. জি. ওসমানী, জেনারেল জিয়াউর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদসহ ১২ জন সাবেক সেনাপ্রধানের ছবির তালিকার সামনে তিনি কিছু সময় দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি পেশাদার, দক্ষ ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ বা রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে উঠে মেধা, পেশাগত যোগ্যতা, সততা, চারিত্রিক দৃঢ়তা, নেতৃত্বের গুণাবলি এবং শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেনাবাহিনীর আধুনিকায়ন ও পুনর্গঠনে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর সদস্য এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সেনাসদস্যদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ জন্য তিনি সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান।
এর আগে সকালে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং সেনাবাহিনীর পরিদর্শক বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






