বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

ছবি:সংগৃহীত
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের একদিন পর সপরিবারে বঙ্গভবন ত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) বেলা ২টা ২৫ মিনিটে তিনি সরকারি বাসভবন থেকে বের হন।
বঙ্গভবন থেকে সাবেক রাষ্ট্রপতির গাড়িবহর বের হতে দেখা যায়। রাষ্ট্রপতির গাড়িসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ১৮টি গাড়ি বহরে ছিল। দুপুর থেকেই বিভিন্ন গণমাধ্যমকর্মী বঙ্গভবনের সামনে অবস্থান নেন। এ সময় উৎসুক জনতাও সেখানে জড়ো হন। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
এদিকে রাজধানীর গুলশানের ১২৩ নম্বর সড়কে অবস্থিত মো. সাহাবুদ্দিনের বাসায় চলেছে পরিচ্ছন্নতা ও প্রস্তুতির কাজ। বাড়ির নিচতলার বসার স্থান নতুন করে রং করা হয়েছে এবং আসবাবপত্র পরিষ্কার করা হচ্ছে। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ওই বাড়ির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে বসবাস করতেন।
সাবেক রাষ্ট্রপতির গুলশানের বাসভবনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল থেকেই পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।
মো. সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগের পর রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। তবে তিনি জাতীয় সংসদের স্পিকারের সরকারি বাসভবন থেকেই দায়িত্ব পালন করবেন।
এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পরে স্পিকার সংবাদ সম্মেলনে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।
২০২৩ সালের ২৪ এপ্রিল আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা থাকলেও অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করে নির্ধারিত সময়ের প্রায় ২১ মাস আগেই তিনি দায়িত্ব ছাড়েন।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







