৫৬ বছর বয়সে আবারও বাবা হলেন কাঞ্চন মল্লিক

ছবি: সংগৃহীত
টলিউড অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজের সংসারে এলো নতুন অতিথি।কন্যাসন্তান কৃষভির জন্মের এক বছরেরও কম সময়ের মধ্যে এবার এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই তারকা দম্পতি।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক একটি ছবি শেয়ার করে শুভসংবাদটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তারা। কন্যাসন্তান কৃষভির সঙ্গে মিল রেখে নবজাতক ছেলের নাম রাখা হয়েছে ‘কৃষিভ’।
বিগত কয়েক মাস ধরে শ্রীময়ীর সন্তানসম্ভবা হওয়া নিয়ে গুঞ্জন চললেও তা গোপনেই রেখেছিলেন তারা। এই গোপনীয়তার কারণ হিসেবে কাঞ্চন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের অনাকাঙ্ক্ষিত ট্রোলিং ও বিদ্রূপ এড়াতেই তারা বিষয়টি গোপন রেখেছিলেন।
অভিনেতা আরও জানান, চিকিৎসকদের মতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখ ছিল আগস্ট মাসে। তবে আচমকা জরুরি পরিস্থিতি তৈরি হওয়ায় নির্ধারিত সময়ের আগেই অস্ত্রোপচার (সিজার) করতে হয়। বর্তমানে মা ও নবজাতক পুত্র দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন। পবিত্র শ্রাবণ মাসে ছেলের আগমনকে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ বলেই মনে করছেন এই অভিনেতা।
উল্লেখ্য, এটি কাঞ্চন মল্লিকের তৃতীয় সন্তান। এর আগে প্রথম পক্ষে এক ছেলে এবং শ্রীময়ীর ঘরে কন্যা কৃষভি রয়েছে। নতুন অতিথির আগমনে আনন্দের হাওয়া বইছে তাদের পরিবারে; অনুরাগী ও সহশিল্পীরাও শুভেচ্ছা বার্তায় ভাসিয়ে দিচ্ছেন তারকা দম্পতিকে।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







