রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ভাইরাল: কে এই খাইরুল দেওয়ান?

ছবি:সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে একটি নাম—খাইরুল দেওয়ান। ফেসবুক ও ইউটিউবজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যমের পোস্টের মন্তব্যে অসংখ্য নেটিজেন তাকে ‘প্রিয় নেতা’ বলে উল্লেখ করে রাষ্ট্রপতি পদে দেখতে চাওয়ার মন্তব্য করছেন। ফলে অনেকের মনেই প্রশ্ন, কে এই খাইরুল দেওয়ান এবং কেন তাকে ঘিরে এত আলোচনা?
যেভাবে শুরু হয় আলোচনার
খাইরুল দেওয়ান প্রথম আলোচনায় আসেন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে। সে সময় মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে তিনি নিজেও রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেন। তবে নির্বাচন কমিশন তার কাছে মনোনয়নপত্র সরবরাহ না করায় তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন করেন। তার সঙ্গে আরও তিনজন একই দাবিতে অংশ নেন এবং রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চেয়ে আইনি লড়াইয়ের ঘোষণাও দেন।
রাজপথ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল
নির্বাচন কমিশনের সিদ্ধান্তে থেমে না গিয়ে খাইরুল দেওয়ান সংবাদ সম্মেলন, মানববন্ধন এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার হাতে একাধিকবার অবস্থান কর্মসূচি পালন করেন। রাষ্ট্রপতি পদে নির্বাচন করার সুযোগ চেয়ে তার ধারাবাহিক প্রচারণা এবং বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
ধীরে ধীরে তার এসব কর্মকাণ্ড নেটিজেনদের কাছে ট্রোল ও মিমের বিষয়বস্তুতে পরিণত হয়। একই সঙ্গে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তার ওপর হামলার অভিযোগও আলোচনায় আসে।
রাজনৈতিক দল গঠন, এরপর প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণাও
পরে খাইরুল দেওয়ান ‘স্বঘোষিত জনকল্যাণ পার্টি’ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। এই দলের ব্যানারে রাজধানীর পল্টন, তোপখানা, হাইকোর্ট ও গুলিস্তানসহ বিভিন্ন স্থানে নিজেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে পরিচয় দিয়ে বক্তব্য দেন।
পরবর্তীতে রাষ্ট্রপতির পদ শূন্য না থাকায় তিনি প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার ইচ্ছার কথাও গণমাধ্যমে জানান। এসব কর্মকাণ্ডের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে প্রথমে ‘রাষ্ট্রপতি পদপ্রার্থী নেতা’ এবং পরে রসিকতার ছলে ‘প্রিয় নেতা’ নামে ডাকতে শুরু করেন নেটিজেনরা।
বর্তমানে রাষ্ট্রপতি পদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় আবারও বিভিন্ন পোস্টের মন্তব্যে তার নাম উঠে আসছে এবং অনেকেই তাকে নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করছেন।
ব্যক্তিগত পরিচয়
ভাইরাল হওয়া একটি ভিডিওতে খাইরুল দেওয়ান জানান, তার আদি বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ে। মুক্তিযুদ্ধের পর তাদের পৈতৃক বাড়ি ভেঙে যায়। তার বাবা সরকারি চাকরিজীবী হওয়ায় শৈশব দেশের বিভিন্ন জেলা ও থানার সরকারি কোয়ার্টারে কেটেছে। বর্তমানে তার স্থায়ী ঠিকানা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর কুচিয়ামোড়া এলাকায়।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






