মুদি ব্যবসায়ীকে ইনজেকশন পুশ করে হত্যা

ছবি:সংগৃহীত
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামে মোবাইল ফোনে ডেকে নেওয়ার পর রাসেল শেখ হাসু (৩৮) নামে এক মুদি দোকানির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের মিলন শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রোববার (২৬ জুলাই) সকালে নিজ ঘরের ভেতর থেকে হাসু শেখের মরদেহ উদ্ধার করা হয়। তিনি দেওয়াডাঙ্গা গ্রামের আকবর শেখের ছেলে এবং পেশায় একজন মুদি দোকানি ছিলেন।
নিহতের বড় ভাই সাদ্দাম শেখ জানান, শনিবার রাতে মিলন শেখ মোবাইল ফোনে কল করে হাসুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি কখন বাড়ি ফিরেছেন বা কেউ তাকে বাড়িতে পৌঁছে দিয়েছে কি না, তা পরিবারের কেউ জানতে পারেননি। রোববার সকালে হাসুর ঘরের দরজা খোলা দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। ঘরের ভেতরে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় তার মুখে ফেনা ও লালা দেখা যায় বলে দাবি করেন পরিবারের সদস্যরা।
সাদ্দাম শেখের অভিযোগ, হাসুকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। তার পিঠে ইনজেকশনের ছিদ্রের মতো চিহ্ন রয়েছে বলেও দাবি করেন তিনি। দোকানের টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটতে পারে বলে পরিবারের ধারণা।
এদিকে মিলন শেখকে আটকের পর উত্তেজিত জনতা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।






