রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রাজীব শাহের কথিত ‘ভাসমান মসজিদ’ উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।

রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও গণপূর্ত অধিদপ্তরের যৌথ অভিযানে স্থাপনাটি ভেঙে ফেলা হয়।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া এই স্থাপনাটি সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তিযোদ্ধা জাদুঘর ও নাট্যশালার মধ্যবর্তী এলাকায় গড়ে তোলা হয়েছিল। সেখানে ইট দিয়ে মেঝে নির্মাণ করে কার্পেট ও জায়নামাজ বিছানো ছিল। ওপরে ত্রিপল টানিয়ে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। এছাড়া অজুর জন্য পানির ট্যাংক এবং একটি অস্থায়ী ওয়াশরুমও স্থাপন করা হয়েছিল।

উচ্ছেদ অভিযানের সময় সেখানে কয়েকটি কোরআন শরিফ, রেহেল, কোরআনের বাংলা অনুবাদ এবং কয়েকটি ট্রাংক উদ্ধার করা হয়।

উদ্যানের ভ্রাম্যমাণ পানি বিক্রেতা ও স্থানীয়দের ভাষ্য, প্রায় নয় মাস আগে রাজীব শাহ নামে এক ব্যক্তি সেখানে বসবাস শুরু করেন। পরে তিনি জায়গাটিতে ধান ও বিভিন্ন ধরনের ফুলগাছ রোপণ করেন। পাশাপাশি নিজের থাকার জন্য একটি ছোট্ট খুপরি ঘরও নির্মাণ করেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জায়গায় অনুমতি ছাড়া গড়ে তোলা অবৈধ স্থাপনা অপসারণের অংশ হিসেবেই এ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রাইমটিভি/এমআর