মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে ধস্তাধস্তি

ছবি:সংগৃহীত
রাজধানীর সংসদ ভবন এলাকায় গত ২৫ জুলাই নবনিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
রোববার (২৬ জুলাই) প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, অনুষ্ঠান শেষে উপস্থিত দলীয় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে হঠাৎ তর্ক-বিতর্কের সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিজেই এগিয়ে যান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি সবাইকে শান্ত করেন এবং অবরুদ্ধ সড়ক যান চলাচলের উপযোগী করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন।
এতে আরও বলা হয়, বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে ইশরাক হোসেন তাদের মাঝখানে দাঁড়িয়ে দূরত্ব সৃষ্টি করেন। পরে তিনি উভয় পক্ষকে ঘটনাস্থল ত্যাগের নির্দেশ দেন, যার ফলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে একটি মহল ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার এবং প্রতিমন্ত্রীর ভূমিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ইশরাক হোসেন সবসময় শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার পেছনে কোনো উসকানি বা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







