আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করেছে এবং নতুন করে দেশ গড়ে তোলা এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, চারদিকে অনিয়ম ও অস্থিতিশীলতার কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। এসব প্রতিষ্ঠান পুনর্গঠন করে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, "এখন দেশ গঠনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ এসেছে, আর এমন সুযোগ বারবার আসে না।"

জ্বালানি খাতের সংকটের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো এনার্জি সেক্টর। গ্যাস ও জ্বালানি তেলের অপর্যাপ্ততার কারণে এই সংকট তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট খাতের গবেষক ও বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

এসময় তিনি রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, রাজনীতি যেন রাষ্ট্র ও দেশের কল্যাণে পরিচালিত হয়। একই সঙ্গে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক ও জনকল্যাণমুখী রাজনীতি চর্চার আহ্বান জানান।

প্রাইমটিভি/এমআর