উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে বিভিন্ন কার্ড কর্মসূচির মাধ্যমে বাড়িতে বাড়িতে বেকারত্বকে উৎসাহিত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে তিনি দেশ গঠনে এনসিপিকে সমর্থনের আহ্বান জানিয়ে বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন, আমরা প্রতারণা করব না।’

শুক্রবার (২৪ জুলাই) যশোরের অভয়নগরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের মালিক জনগণ ভোট বিক্রির মাধ্যমে নিজেরাই গোলামির শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে। এর ফলে পাঁচ বছর ধরে তাদের ভোগান্তি পোহাতে হয়। তিনি বলেন, ভোটের সঠিক ব্যবহারের মাধ্যমে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে জনগণ নয়, বরং জনপ্রতিনিধিরাই জনগণের সেবক হিসেবে কাজ করবে।

রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে এনসিপির এই নেতা বলেন, আন্দোলন-সংগ্রামে নারীদের ব্যবহার করা হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে একটি সুষম ও প্রতিনিধিত্বশীল রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই নারীদের সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন, ‘পলাতক শেখ হাসিনা দেশে ফেরার হুমকি দিচ্ছেন। কিন্তু তিনি আর কখনোই এ দেশে ফিরতে পারবেন না। শেখ হাসিনাসহ তার পরিবারের কারও দাফনও এ দেশে হবে না।’

এছাড়া সভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ডা. মাহমুদা মিতু এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

প্রাইমটিভি/এমআর