বিএনপি নেতার অশ্লীল ভিডিও ভাইরাল, দল থেকে বহিষ্কার

ছবিঃ সংগৃহীত
ফেসবুকে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুর রহমানকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের দলীয় সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওবায়দুর রহমানের সঙ্গে এক নারীর প্রায় ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ব্যাপকভাবে ভাইরাল হয় এবং বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে মো. ওবায়দুর রহমানকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের দলীয় সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে ওবায়দুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে অভিযোগের সত্যতা যাচাইয়ের পর জেলা বিএনপির এক সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও জানান, বহিষ্কারের আদেশসংবলিত চিঠির একটি কপি প্রাথমিকভাবে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









