এটা মাত্র শুরু ভবিষ্যতে আরো দূরে যেতে হবে: ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ছবি:সংগৃহীত
ভারতের টানা দেড় মাসেরও বেশি সময় ধরে চলা জেন-জি আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হয়েছেন ধর্মেন্দ্র প্রধান। আন্দোলনের প্রধান সংগঠক ককরোচ জনতা পার্টি (সিজেপি) আন্দোলন স্থগিত করলেও এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে জানিয়েছেন, তাদের পথচলা এখানেই শেষ নয়।
রোববার (২৬ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অভিজিৎ দ্বীপকে বলেন, আন্দোলনের সময়টি সবার জন্যই কঠিন ছিল। তবে ভারতের জেন-জি প্রজন্ম ঐক্যবদ্ধ থেকে নিজেদের লক্ষ্য অর্জন করেছে। তিনি বলেন, “এটা মাত্র শুরু। সামনে আরও অনেক দূর যেতে হবে।”
তিনি আরও জানান, আন্দোলন আপাতত শেষ হলেও সিজেপির ভবিষ্যৎ কর্মসূচি ও কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব বুঝে নেওয়ার পর তিনি মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় প্রহ্লাদ জোশী বলেন, তিনি বিনয় ও গভীর দায়িত্ববোধ নিয়ে নতুন দায়িত্ব গ্রহণ করছেন। দেশের শিক্ষা খাতের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনেরও আশ্বাস দেন তিনি।
এর আগে সিজেপির নেতৃত্বে পরিচালিত আন্দোলনের সব দাবি মেনে নেওয়ার পর আন্দোলনকারী জেন-জি সদস্যরা রাজধানী দিল্লির যন্তর-মন্তরে অবস্থান কর্মসূচি শেষ করে নিজ নিজ বাড়িতে ফিরে যান।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







