আজ বিশ্ব ম্যানগ্রোভ দিবস

ছবি: সংগৃহীত
আজ আন্তর্জাতিক সুন্দরবন ও ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র সংরক্ষণ দিবস (বিশ্ব ম্যানগ্রোভ দিবস)। জাতিসংঘের ইউনেস্কোর উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়ে আসছে। পৃথিবীর উপকূলীয় অঞ্চল রক্ষা, বিরূপ আবহাওয়া মোকাবেলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ম্যানগ্রোভ বনের অপরিসীম গুরুত্ব সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই এই বিশেষ দিনের সূচনা।
ম্যানগ্রোভ বন কেবল একগুচ্ছ গাছপালা নয়। এটি উপকূলীয় প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে।সামুদ্রিক জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এবং উপকূলীয় ক্ষয় থেকে উপকূলের মানুষকে রক্ষা করতে এই বনের ভূমিকা অতুলনীয়। এছাড়া, সাধারণ বনের তুলনায় ম্যানগ্রোভ বন কয়েক গুণ বেশি কার্বন শোষণ ও সঞ্চয় করতে পারে, যা বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন রোধে অত্যন্ত কার্যকারী।
বাংলাদেশ ও ভারতের যৌথ সীমানায় অবস্থিত বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন 'সুন্দরবন' আমাদের অহংকার। এই বন কোটি মানুষের জীবন-জীবিকা জোগায় এবং রয়েল বেঙ্গল টাইগারসহ অসংখ্য বিরল প্রজাতির বন্যপ্রাণী ও পাখির অভয়ারণ্য। তবে জলবায়ু পরিবর্তন, দূষণ এবং অনিয়ন্ত্রিত মানব কর্মকাণ্ডের কারণে আজ ম্যানগ্রোভ বন হুমকির মুখে।
তাই বিশ্ব ম্যানগ্রোভ দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত প্রকৃতিপ্রদত্ত এই সুরক্ষা প্রাচীর সুন্দরবনসহ বিশ্বের সমস্ত ম্যানগ্রোভ বন রক্ষা করা, এর অবাধ ধ্বংস রোধ করা এবং নতুন করে ম্যানগ্রোভ বনায়ন গড়ে তোলা।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







