ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

ছবিঃ সংগৃহীত
প্রশ্নফাঁস ইস্যুতে দেশজুড়ে তীব্র সমালোচনা ও আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার পদত্যাগপত্র গ্রহণের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে দেশটির নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
ভারতের রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে তিনি খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দেশজুড়ে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের ৩৫তম দিনে দিল্লির জন্তর মন্তরে পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, উদ্ভূত পরিস্থিতিকে ‘দেশবিরোধী শক্তি’ যাতে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে, সে কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এর এক দিন আগে প্রহ্লাদ যোশী বলেছিলেন, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় মোদি সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি অভিযোগ করেন, কিছু ‘সমাজবিরোধী শক্তি’ চলমান আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে।
দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকার শিক্ষার্থী ও তরুণদের ভবিষ্যৎ সুরক্ষায় বদ্ধপরিকর এবং শিক্ষা ব্যবস্থায় যেকোনো ধরনের অনিয়ম বা অবিচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের প্রতি সমর্থন জানিয়ে আন্দোলনকে অন্য উদ্দেশ্যে ব্যবহার করার অপচেষ্টা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। প্রশ্নফাঁস ইস্যুতে সরকারের ওপর বাড়তে থাকা চাপের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে এ পরিবর্তন এলো।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







