দেশের স্বার্থে প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধে যেতেও প্রস্তুত: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ছবি:সংগৃহীত
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় সাক্ষাৎকারে দেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। তিনি বলেছেন, ব্রিটেনের স্বার্থের প্রশ্নে প্রয়োজন হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নিতে দ্বিধা করবেন না।
বিবিসিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বার্নহ্যাম জানান, ট্রাম্পের সঙ্গে তার প্রথম ফোনালাপ ছিল ইতিবাচক ও উষ্ণ। তবে তিনি ট্রাম্পকে বিশ্বাস করেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে বলেন, “এটি একটি পরিবর্তনশীল বিশ্ব। পরিস্থিতি অনুযায়ী আমাদের মূল্যায়ন করতে হবে।”
তিনি বলেন, যুক্তরাজ্যের জন্য যা সঠিক হবে, সে বিষয়ে ট্রাম্পের সঙ্গে ভিন্নমত পোষণ করতে বা নিজের অবস্থান স্পষ্ট করতে তিনি কখনোই পিছপা হবেন না।
ইরানকে ঘিরে ট্রাম্প প্রশাসনের নীতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, কোনো বিষয়ে যা সঠিক বলে মনে হবে, তা বলতে তিনি দ্বিধা করবেন না।
বার্নহ্যামের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কনজারভেটিভ পার্টির শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফিলপ বলেন, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র। তাই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। তবে যুক্তরাষ্ট্র এমন কোনো পদক্ষেপ নিলে, যার সঙ্গে যুক্তরাজ্য একমত নয়, সে বিষয়ে সততার সঙ্গে নিজেদের অবস্থান জানানো উচিত।
সাক্ষাৎকারে ২০২৯ সালের আগে আগাম নির্বাচনের সম্ভাবনাও নাকচ করে দেন বার্নহ্যাম। তিনি বলেন, জনগণ এখন আগাম নির্বাচন চায় না। বরং দেশের পরিস্থিতিকে সঠিক পথে ফিরিয়ে আনাই তার সরকারের প্রধান লক্ষ্য।
সূত্র: বিবিসি
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







