যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলায় ২০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মহসিন মোহেবি বলেন, ‘অপারেশন ভিক্টরি-২’-এর আওতায় চালানো হামলায় এখন পর্যন্ত ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা এর চেয়েও বেশি।

তার দাবি, চলতি বছরের জুলাই মাসের শুরুতে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানে বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায়। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিও ছিল বলে জানান তিনি।

মার্কিন প্রশাসনের প্রকাশিত হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্যকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ উল্লেখ করে মোহেবি অভিযোগ করেন, ওয়াশিংটন প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য গোপন করার চেষ্টা করছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটিগুলোতে স্বাধীন সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হলে প্রকৃত পরিস্থিতি বিশ্ববাসীর সামনে উঠে আসবে।

তবে উল্লেখ্য, আইআরজিসির এই দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি এবং যুক্তরাষ্ট্রও এ ধরনের ২০০ জনের বেশি সেনা নিহত হওয়ার দাবি স্বীকার করেনি।

সূত্র: ফারস নিউজ

প্রাইমটিভি/এমআর