জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত
সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন হাফিজ উদ্দিন আহমদ। সাভার স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন।
শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং বেলা ১১টা ৪৫ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, স্মৃতিসৌধ থেকে ফিরে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে তার।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতা ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।
নতুন দায়িত্ব নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানান, রাষ্ট্রপতির যাবতীয় দাপ্তরিক কাজ পরিচালনা করার জন্য তিনি বঙ্গভবনে অফিস করলেও, তাঁর বসবাসের জন্য বঙ্গভবনে না উঠে সংসদ ভবন এলাকাতেই স্পিকারের সরকারি বাসভবনে অবস্থান করবেন।
প্রাইমটিভি/বিএম

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







