রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞসহ, মানবতাবিরোধী অপরাধের মামলায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে  

আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় শেখ হাসিনাসহ পলাতক আসামীদের গ্রেফতারেরও নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। 

ট্রাইব্যুনাল অভিযোগ আমলে এই মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও গ্রেপ্তার থাকা আসামিদের হাজির করার নির্দেশ দেন আদালত। মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া তখনকার আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বিজিবির মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিককে এই মামলার আসামি করা হয়েছে। সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাসহ এই মামলার ৯ জন আসামি আগেই গ্রেপ্তার রয়েছেন।

২০১৩ সালের ৫ মে, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে প্রসিকিউশন এ পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পেয়েছে। তবে শনাক্ত করতে পেরেছে ৫৮ জনের পরিচয়।

প্রাইমটিভি/এনজি