হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

ছবি:সংগৃহীত
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা করাতে এসে স্বামীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। সোমবার (২৭ জুলাই) দুপুরে হাসপাতালের ভেতর এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত মনিরা বেগম (২৫) ধামইরহাট উপজেলার ওমরপুর গ্রামের মাসুদ রানার মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন এবং পুনরায় অন্তঃসত্ত্বা ছিলেন। অভিযুক্ত ফরহাদ হোসেন (২৭) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলালের ছেলে।
ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশিষ কুমারের বরাতে জানা যায়, গর্ভাবস্থার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে ওই দম্পতি হাসপাতালে এসেছিলেন। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ফরহাদ ধারালো ছুরি দিয়ে মনিরাকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রকাশ্যে হাসপাতালের ভেতরে এমন হত্যাকাণ্ডের ঘটনায় রোগী, স্বজন ও হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ফরহাদকে আটক করে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, হত্যার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





