গণপিটুনির পর চোরের মাথা ন্যাড়া করল গ্রামবাসী

ছবি:সংগৃহীত
বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে তালাবদ্ধ একটি ভবনে চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক যুবক। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে বেঁধে রাখে এবং মাথা ন্যাড়া করে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোমবার (২৭ জুলাই) ফজরের পর এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম ইউসুফ হাওলাদার (২৫)। তিনি একই উপজেলার বার্থী ইউনিয়নের বাঘমারা গ্রামের রব হাওলাদারের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, কটকস্থল গ্রামের আনোয়ার তালুকদারের তালাবদ্ধ ভবনের ব্যালকনি বেয়ে চিলেকোঠার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন ইউসুফ। ভবনে কেউ না থাকায় তিনি আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র তছনছ করছিলেন। এ সময় পাশের বাড়ির কয়েকজন টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে ভবনের ভেতর থেকে ভাঙচুরের শব্দ শুনতে পান। পরে তাদের সন্দেহ হলে আশপাশের লোকজনকে ডেকে এনে ভবনটি ঘিরে ফেলেন এবং ভেতর থেকে ইউসুফকে আটক করেন।
এরপর উত্তেজিত জনতা তাকে মারধর করে বেঁধে রাখে এবং মাথা ন্যাড়া করে দেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে গৌরনদী মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাকে থানায় নেওয়া হয়েছে। ভুক্তভোগী পক্ষ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়া বা গণপিটুনি দেওয়া দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানায় পুলিশ।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





