রাজবাড়ীতে ট্রেনের ধাক্কায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ ও আহত ২৫

ছবি:সংগৃহীত
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছয়টি ওয়াগনের ধাক্কায় যাত্রীবাহী বাস, মাহেন্দ্র ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনটি যানবাহনের চালকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাত পৌনে ৯টার দিকে রাজবাড়ী-ঢাকা রেলপথের খানখানাপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শামুকখোলা গ্রামের মঈনুদ্দিন শেখের ছেলে মালেক শেখ (৪৫) এবং রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ব্রাকপাড়া এলাকার মতি পাটোয়ারীর ছেলে মনোয়ার হোসেন পাটোয়ারী (৫০)। তারা দুজনই দুর্ঘটনাকবলিত মাহেন্দ্রটির যাত্রী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর পাওয়ার প্লান্টে তেল সরবরাহ শেষে ৩০টি খালি ওয়াগন নিয়ে একটি বিশেষ ট্রেন রাজবাড়ীর দিকে ফিরছিল। খানখানাপুর রেলগেট অতিক্রমের সময় ট্রেনটির পেছনের ছয়টি ওয়াগনের সংযোগকারী চেইন ছিঁড়ে যায়। ফলে ওয়াগনগুলো ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গড়িয়ে আসতে থাকে।
এ সময় ইঞ্জিনসহ সামনের অংশ চলে যেতে দেখে দায়িত্বরত গেটম্যান পুরো ট্রেন চলে গেছে মনে করে রেলগেটের বার খুলে দেন। গেট খুলতেই গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া ঘাটগামী ‘আনন্দ ডিলাক্স’ নামের একটি যাত্রীবাহী বাস, গোয়ালন্দমুখী একটি মাহেন্দ্র এবং বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা রেললাইন পার হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই পেছন থেকে দ্রুতগতিতে গড়িয়ে আসা বিচ্ছিন্ন ছয়টি ওয়াগন তিনটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়।
বিকট শব্দে সংঘর্ষের পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্র, আহলাদীপুর হাইওয়ে থানা, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম মোল্লা জানান, গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মালেক শেখ ও মনোয়ার হোসেনের মৃত্যু হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের মধ্যে আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য আহতদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ট্রেন চলে গেছে মনে করে রেলগেট খুলে দেওয়ার পরই দুর্ঘটনাটি ঘটে। ওয়াগনের ধাক্কায় মাহেন্দ্রটি ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত বাস ও অন্যান্য যানবাহন ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনার পর রাজবাড়ী-ঢাকা রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরে দুর্ঘটনাকবলিত ওয়াগন ও যানবাহন সরিয়ে রেললাইন পরিষ্কার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





