রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচনা করে শর্তসাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিলের পর বিষয়টি পর্যালোচনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সরেজমিনে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয় এবং তদন্ত শেষে দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় পূর্বের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

তবে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে সরকার। এর মধ্যে রয়েছে— দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২ অনুযায়ী কার্যক্রম পরিচালনা, লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স নিয়োগ সম্পন্ন করা এবং ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘন হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সরকারের হাতে থাকবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা আদেশে হাসপাতালের নির্বাহী পরিচালককে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তার কাছেও আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করলে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সরকার সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে শর্তসাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালুর অনুমতি দেয়।

প্রাইমটিভি/এমআর