মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে দিল্লি পুলিশ

ছবি:সংগৃহীত
প্রশ্নফাঁসের প্রতিবাদে এক মাসের বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলন শেষ হওয়ার পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা আপত্তিকর পোস্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মোদিকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে—এমন অভিযোগে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশ পাঠিয়েছে পুলিশ। এরই মধ্যে চিহ্নিত বেশিরভাগ ভিডিও, মন্তব্য ও পোস্ট সরিয়ে ফেলেছে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো।
জানা গেছে, দিল্লি পুলিশের একটি বিশেষ দল নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছে। নতুন কোনো আপত্তিকর কনটেন্ট শনাক্ত হলেই সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে নোটিশ পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে শিক্ষার্থী আন্দোলনের সমাপ্তির একদিন পরই এ উদ্যোগ নেওয়া হয়।
গত শনিবার এক মাসের বেশি সময় ধরে চলা আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীরা। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি ককরোচ জনতা পার্টির (সিজেপি) আরও দুটি দাবি মেনে নেওয়ায় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতা হয়।
সরকার সিজেপির দাবির মধ্যে এনইইটি পরীক্ষাকে কেন্দ্র করে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও পুলিশের প্রকাশ্য ক্ষমা চাওয়ার বিষয়েও সম্মতি দেয়।
তবে মোদিবিরোধী পোস্টের বিরুদ্ধে দিল্লি পুলিশের এই অভিযানের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি সিজেপি।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।








