কাস্পিয়ান সাগরে ইরানি একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইউক্রেনের এ হামলার যথাযথ জবাব দেয়া হবে।

রোববার (২৭ জুলাই) এক বিবৃতিতে তিনি জানান, হামলায় জাহাজে বিস্ফোরণ ঘটে। এতে একজন নাবিক নিহত এবং আরও একজন আহত হন।

ঘটনার পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন আরাগচি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন তিনি।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফোনালাপে নিহত নাবিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন সের্গেই লাভরভ। একই সঙ্গে রাশিয়ার আস্ত্রাখান অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তার জন্য ধন্যবাদ জানান আরাগচি। ওই অঞ্চল থেকেই যাত্রা শুরু করেছিল জাহাজটি।

আরাগচি কিয়েভ সরকারের এমন হামলাকে দুঃসাহসিক পদক্ষেপ উল্লেখ করে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও লাভরভকে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

প্রাইমটিভি/এনজি