ময়মনসিংহের গফরগাঁওয়ে মোবাইল ফোন চুরির অভিযোগে এক তরুণকে বেঁধে মারধরের ঘটনায় বাধা দিতে গিয়ে তার দাদা নবী হোসেন (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালালেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার দক্ষিণ গফরগাঁওয়ের হাটপাড়া গ্রামের বাদল মার্কেট-সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত নবী হোসেন একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক মাস আগে একই গ্রামের রবিন মিয়ার একটি মোবাইল ফোন চুরির অভিযোগ ওঠে নবী হোসেনের নাতি মো. রানা (২০)-এর বিরুদ্ধে। তিন দিন আগে এলাকায় ফিরে আসেন রানা। সোমবার সন্ধ্যায় তাকে ধরে হাটপাড়া গ্রামের বাদল মার্কেট এলাকায় পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ও উস্থি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামছুল ইসলাম ওরফে ফারুকের কার্যালয়ের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বেঁধে মারধর করা হয়।

একপর্যায়ে খবর পেয়ে নাতিকে উদ্ধার করতে সেখানে যান নবী হোসেন। তিনি মারধর বন্ধ করার অনুরোধ করলে হট্টগোল ও ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। এ সময় তিনি সড়কে পড়ে গেলে তার বুকে কয়েকটি কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয় এক পল্লিচিকিৎসক তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রাত ১০টার দিকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবী হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনতোষ বিশ্বাসের নেতৃত্বে পুলিশ রাতেই অভিযান চালায়। তবে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে শামছুল ইসলাম দাবি করেন, তার ব্যবসায়িক কাজে ব্যবহৃত অস্থায়ী কার্যালয়ে কোনো বিচার-সালিস বসেনি এবং তিনি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নন।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিএনপি নেতা ও চেয়ারম্যান প্রার্থীর কার্যালয়ের সামনে রানাকে বেঁধে মারধর করা হচ্ছিল। এ সময় তার দাদা সেখানে গিয়ে প্রতিবাদ করলে উপস্থিত ব্যক্তিরা তার ওপর চড়াও হয়। ধাক্কাধাক্কি ও ঘুষিতে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

ওসি আরও জানান, চেয়ারম্যান প্রার্থীসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রাইমটিভি/এমআর