বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেলেই নিজেদের স্বার্থে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে ফিরে আসে বলে অভিযোগ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে এ মন্তব্য করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাত দিয়ে পাকিস্তানের ডন জানিয়েছে, তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসমাইল বাকাই বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর ওয়াশিংটনের ধারণা ছিল, ইরান তিন দিনের মধ্যেই ভেঙে পড়বে এবং আত্মসমর্পণ করবে।

তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, কয়েক মাস পার হয়ে গেলেও যুক্তরাষ্ট্র এখনো এই যুদ্ধ পরিস্থিতি থেকে বের হতে পারেনি। বরং নিজেদের কর্মকাণ্ড ও অপরাধ নিয়েই তারা গর্ব করছে বলে অভিযোগ করেন তিনি।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে ইসমাইল বাকাই আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেই নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থে যুক্তরাষ্ট্র আবারও আলোচনায় ফিরে আসে।

সূত্র: ডন (আল জাজিরার বরাত)।

প্রাইমটিভি/এমআর