এই সরকার দিয়ে বাংলাদেশে পরিবর্তন সম্ভব নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী । প্রাইম টিভি
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির বিরুদ্ধে ‘ইঞ্জিনিয়ারিং’ করার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে নির্বাচনের জন্য ‘ইঞ্জিনিয়ারিং’ শুরু করে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
রোববার (২৬ জুলাই) রাতে ময়মনসিংহের ভালুকায় এনসিপির ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচির এক পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন। নির্বাচন কমিশনে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় পরিচয়ের ব্যক্তিকে বসানো হলে নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হবে।
তিনি আরও বলেন, ‘আমরা বুঝে গিয়েছি, তারেক রহমানকে দিয়ে বাংলাদেশ পরিবর্তন সম্ভব নয়। আমি আপনাদের লিখে দিয়ে গেলাম। আজকে এই কথা ছয় মাস পরে আপনারা আমাদেরকে খুঁজবেন।’ বিএনপির নেতৃত্বে বিভিন্ন ‘খারাপ লোক’ জায়গা পেয়েছে দাবি করে এনসিপির এই নেতা বলেন, এসব ব্যক্তিকে বিভিন্ন উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে। ফলে সাধারণ মানুষ উপজেলা প্রশাসনে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।
ভালুকার মানুষের ভাগ্য পরিবর্তনের প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্থানীয় মানুষের ভবিষ্যৎ কোনো রাজনৈতিক নেতার ওপর ছেড়ে দেওয়া যাবে না। তিনি বলেন, ‘তারেক রহমান তাঁর মেয়ে জাইমা রহমান ও স্ত্রী জুবাইদা রহমানের ভাগ্য পরিবর্তন করবেন। কিন্তু তিনি ভালুকার একটি সন্তানের ভাগ্য পরিবর্তন করবেন না। আপনার সন্তানের ভাগ্য পরিবর্তন আপনাকেই করতে হবে।’
এ সময় তিনি ভালুকায় মাদক, জুয়া, চোরাচালান ও চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কারের দাবিও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘যদি সংস্কার বাস্তবায়ন না হয়, যদি আওয়ামী লীগের বিচার না হয়, যদি ১৪শ খুনের শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হয়, আমরা এক সেকেন্ডও অপেক্ষা করব না তারেক রহমানের সরকারকে পালটাইতে।’
তিনি আরও বলেন, ‘বলে দিচ্ছি, একবার যখন টান দিব, সুটকেস নিয়ে পালাবার টাইম পাইবেন না। যেভাবে সুটকেস ছাড়া লন্ডন থেকে এসেছেন, এভাবেই লন্ডনে পালাইতে বাধ্য হবেন।’
এ পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ (এমপি), কেন্দ্রীয় সদস্য ডা. জাহেদুল ইসলাম, ময়মনসিংহ জেলার আহ্বায়ক এটিএম মাহবুব উল আলম, সদস্য সচিব মো. জসিম উদ্দিন, ভালুকা উপজেলার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন, এনসিপি মনোনীত ভালুকা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল ইসলাম প্রমুখ।
প্রাইমটিভি/এনজি

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





