কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মাসুদ মিয়া (৩০) মিরারচর পূর্বপাড়া গ্রামের আসাদ মিয়ার ছেলে। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপ্রসাদ ইউনিয়নের ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুই পাশের সীমানায় অবস্থিত একটি বাজারের নামকরণ নিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় ৩০ বছর ধরে বিরোধ চলে আসছে। কয়েকদিন ধরে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে সোমবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, ফলে এলাকায় ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় দায়িত্ব পালন করছেন।

প্রাইমটিভি/এমআর