২০২৬ ফিফা বিশ্বকাপের পর লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হওয়ার জোর গুঞ্জনের মধ্যে তাঁর জন্য বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন মেসি। বিশ্বকাপে আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করে টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করেননি এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।

কোচ লিওনেল স্কালোনি জাতীয় দলের দরজা মেসির জন্য খোলা রাখার কথা বললেও, আর্জেন্টিনার গণমাধ্যমের দাবি—আর কোনো বিশ্বকাপে খেলার পরিকল্পনা নেই তাঁর। বরং তরুণ ফুটবলারদের জায়গা করে দিতে আরও কয়েক মাস জাতীয় দলের হয়ে খেলে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন তিনি।

এদিকে 'বিইন স্পোর্টস'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে একটি জমকালো বিদায়ী ম্যাচ আয়োজন করতে চায় এএফএ। সেই ম্যাচে দেশের সমর্থকদের সামনে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে।

মেসির নেতৃত্বেই আর্জেন্টিনা দীর্ঘ শিরোপাখরা কাটিয়ে জিতেছে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা। এছাড়া ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

যদিও মেসির অবসরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সব ইঙ্গিত বলছে আন্তর্জাতিক ফুটবলের অন্যতম সেরা এই কিংবদন্তিকে স্মরণীয় আয়োজনের মধ্য দিয়েই বিদায় জানাতে চায় আর্জেন্টিনা।

সূত্র: এনডিটিভি

প্রাইমটিভি/এমআর