২০২৬ বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের হতাশা লুকাতে পারেননি আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে তিনি জানান, বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের দায়িত্বে থাকবেন। এরপর কোচিং থেকে কিছুদিন বিরতি নেওয়ার পরিকল্পনার কথাও ইঙ্গিত দেন।

স্কালোনি বলেন, “আমি ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে থাকব। এরপর সম্ভবত দায়িত্ব ছেড়ে দেব। এখন আমার নতুন করে শক্তি সঞ্চয় করা এবং কিছুটা বিরতি নেওয়া প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আর্জেন্টিনা দল ও দেশের মানুষের মধ্যে এই ইতিবাচক মানসিকতা ধরে রাখা। এ নিয়ে আমি ভীষণ গর্বিত।”

২০২২ বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং ফিনালিসিমা জয়ের মাধ্যমে আর্জেন্টিনাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া স্কালোনির সম্ভাব্য বিদায়ের খবর সামনে আসতেই দেশটির গণমাধ্যমে শুরু হয়েছে নতুন কোচ নিয়ে আলোচনা। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে চারটি নাম।

পাবলো আইমার

বর্তমান কোচিং স্টাফে স্কালোনির সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক তারকা মিডফিল্ডার পাবলো আইমার। সাম্প্রতিক সব সাফল্যের পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ধারাবাহিকতা বজায় রাখতে তাকেই সবচেয়ে এগিয়ে রাখা হচ্ছে।

মার্সেলো গালিয়ার্দো

রিভার প্লেটের কিংবদন্তি মার্সেলো গালিয়ার্দো দীর্ঘদিন ধরেই জাতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবে আলোচনায়। ক্লাব ফুটবলে তার সাফল্য এবং দক্ষিণ আমেরিকান ফুটবলে অভিজ্ঞতা তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

দিয়েগো সিমিওনে

অ্যাথলেটিকো মাদ্রিদের দীর্ঘদিনের সফল কোচ দিয়েগো সিমিওনে অতীতেও জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ক্লাব পর্যায়ে দেশীয় ও আন্তর্জাতিক শিরোপা জয়ের অভিজ্ঞতা তাকে অন্যতম যোগ্য প্রার্থী করে তুলেছে।

মাউরিসিও পোচেত্তিনো

বর্তমানে ফ্রি এজেন্ট থাকা মাউরিসিও পোচেত্তিনোর রয়েছে টটেনহ্যাম, পিএসজি ও চেলসির মতো বড় ক্লাব পরিচালনার অভিজ্ঞতা। তরুণ খেলোয়াড় গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দক্ষ হওয়ায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছেও তিনি আকর্ষণীয় বিকল্প হিসেবে বিবেচিত হতে পারেন।

প্রাইমটিভি/এমআর