স্পর্শকাতর অঙ্গ চেপে ধরে বাবাকে হত্যা করল ছেলে

ছবি:সংগৃহীত
সাভারে নেশা সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মহিন মিয়া (৩৮) নামে এক দুধ বিক্রেতাকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে জিসানের (১৫) বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত জিসানকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) ভোররাতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া ছাকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভোররাতে নেশার বিষয়কে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, ছেলে জিসান মারধরের একপর্যায়ে মহিন মিয়ার অণ্ডকোষে আঘাত ও চাপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। পাশাপাশি অভিযুক্তকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।





