পাবনা সদর উপজেলায় ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত আন্তঃজেলা চোরচক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন অংশ এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ। এর আগে রোববার (২৬ জুলাই) রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার চর ঘোষপুর গ্রামের উজ্জল হোসেন (৩৮) ও জীবন (২৮), সিংগা বাজার এলাকার আরমান ফকির (৩৮), গঙ্গারামপুর গ্রামের জহুরুল ইসলাম (৩০), পয়দা রহিমপুর গ্রামের দুলাল ফকির (৩৫) এবং রামেশ্বরপুর দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

পুলিশ সুপার জানান, গত ১০ জুলাই রাতে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর কোমরপুর এলাকায় সরকারি বিএডিসির সেচ প্রকল্পের পাশে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর একটি খুঁটিতে স্থাপিত প্রায় ৮৫ হাজার টাকা মূল্যের ১০ কেভিএ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় পরদিন সেচ প্রকল্পের দায়িত্বে থাকা কৃষক শাহিনুর রহমান সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।

মামলার তদন্তে নেমে আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে গ্রেপ্তার হওয়া জীবন নামে এক আসামির দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন অংশ এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে মামলার বাদী শাহিনুর রহমান ডিবি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত বছরও তার দুটি ট্রান্সফরমার চুরি হয়েছিল, তবে সেগুলো উদ্ধার হয়নি। এবার মাত্র ১৫ দিনের মধ্যে চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধার হওয়ায় তিনি পুলিশের তৎপরতার প্রশংসা করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাইমটিভি/এমআর