রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাঁচজন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা ১৫ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে একটি ব্রিটিশ কাটা রাইফেল, একটি একনলা বন্দুক ও তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩-এর একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকার কৈডাঙ্গায় অভিযান চালায়। প্রথমে মাদক বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলেও আলম সরদার ও বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রের সন্ধান পাওয়া যায়।

অভিযানে গ্রেফতার হওয়া পাঁচজন হলেন— আলম সরদার (৪০), ইব্রাহিম শেখ (৪৪), বাহাদুর বিশ্বাস (৫৮), ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং কালুখালী থানার রাজু আহমেদ টোকন (৪৫)।

র‍্যাব জানায়, প্রাথমিক তদন্তে গ্রেফতারদের কয়েকজনের বিরুদ্ধে পূর্ব থেকেই বিভিন্ন গুরুতর অপরাধের মামলা রয়েছে। ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরীর বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ তিনটি মামলা চলমান রয়েছে।

র‍্যাব-১০-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি ব্রিটিশ কাটা রাইফেল, একটি একনলা বন্দুক ও তিনটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অপরাধমুক্ত সমাজ গড়তে যেকোনো তথ্য দিয়ে জনগণকে র‍্যাবকে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অবৈধ অস্ত্রের উৎস ও সংশ্লিষ্ট চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

প্রাইমটিভি/এমআর