জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, আহত অসংখ্য

ছবি:সংগৃহীত
জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোটো প্রিফেকচারে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, সড়ক ও এলিভেটেড হাইওয়েতে বড় ফাটল সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে । টোকিওতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি জানান, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তিনি বলেন, ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছেন এবং রাস্তা, সেতু ও ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, উদ্ধার তৎপরতায় ৩ হাজার ৬০০ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সম্ভাব্য ঝুঁকির কারণে প্রায় ৩ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভূমিকম্পের পরও একের পর এক আফটারশক অনুভূত হচ্ছে।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, একটি হাসপাতালে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এছাড়া একটি দ্রুতগামী ট্রেনের কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, ভূমিকম্পের পর কুমামোটোর একটি ইওন শপিংমলে বিস্ফোরণ ঘটে। এতে একাধিক ব্যক্তি আটকা পড়েন। টিবিএসের খবরে পুলিশ জানিয়েছে, সেখানে কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে ইওন কর্তৃপক্ষ জানিয়েছে, মূল কম্পনের পরপরই গ্রাহক ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল এবং বিস্ফোরণের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী কাজুয়া সুরুনাগা জানান, বিস্ফোরণের পর বিশাল ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয় এবং চারপাশ আগ্নেয়গিরির ছাইয়ের মতো ধুলায় ঢেকে যায়।
ভূমিকম্পের প্রভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে এবং কুমামোটো বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে একাধিক ফ্লাইট বাতিল ও অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি, প্রযুক্তি প্রতিষ্ঠান সনি এবং ফুজিফিল্ম তাদের স্থানীয় কারখানা থেকে কর্মীদের সরিয়ে নিয়েছে।
কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, প্রায় ৪৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মোবাইল অপারেটর কেডিডিআই ও ডোকোমো জানিয়েছে, বিদ্যুৎ সমস্যার কারণে তাদের নেটওয়ার্ক সেবাও ব্যাহত হচ্ছে। তবে জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকার কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।
উল্লেখ্য, ১০ বছর আগে কুমামোটোতে ভয়াবহ ভূমিকম্পে ২৭৫ জন নিহত এবং ২ হাজার ৭৩৯ জন আহত হয়েছিলেন। ওই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কুমামোটো দুর্গের পাথরের দেয়ালের কিছু অংশ মঙ্গলবারের ভূমিকম্পেও আবার ধসে পড়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
প্রাইমটিভি/এমআর

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।









