ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে হাতি দিয়ে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় ব্যাটারিচালিত একটি ইজিবাইক উল্টে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ জনতা হাতির মাহুতকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ মাহুত ও হাতিটিকে আটক করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আরিশা জান্নাত (১০ মাস)। সে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গোলবন্দী গ্রামের সজীব মোল্লার মেয়ে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, অসুস্থ আরিশাকে চিকিৎসার জন্য তার মা ব্যাটারিচালিত একটি ইজিবাইকে করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথে আটরশি এলাকায় বকুল মিয়া (২৪) নামে এক মাহুত হাতি নিয়ে সড়কে বিভিন্ন যানবাহনের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় ইজিবাইকটি হাতির সামনে পৌঁছালে হাতি দিয়ে পথরোধের চেষ্টা করা হয়। হাতিটিকে এড়িয়ে যেতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি উল্টে যায়। এতে মায়ের কোলে থাকা শিশু আরিশা নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা মাহুত বকুল মিয়াকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এবং হাতিটিকেও আটকে রাখে। আটক মাহুত বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিসউদ্দিনের ছেলে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, ঘটনার পর মাহুত ও হাতিটিকে আটক করা হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আটক হাতিটিকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রাইমটিভি/এমআর