‘বিশ্বে প্রতি ৩০ সেকেন্ডে হেপাটাইটিসে একজনের মৃত্যু হয়’

ছবিঃ সংগৃহীত
বিশ্বজুড়ে প্রতি ৩০ সেকেন্ডে হেপাটাইটিসজনিত জটিলতায় একজন মানুষের মৃত্যু হচ্ছে। বছরে এ রোগে প্রাণ হারান প্রায় ১৩ লাখ মানুষ। বাংলাদেশেও প্রতিবছর হেপাটাইটিসের কারণে প্রায় ২২ হাজার মানুষের মৃত্যু হয়। উদ্বেগজনক বিষয় হলো, আক্রান্তদের প্রায় ৯০ শতাংশই জানেন না যে তাঁদের শরীরে হেপাটাইটিস বি বা সি ভাইরাস রয়েছে। তবে সময়মতো পরীক্ষা, টিকাদান এবং জনসচেতনতা বৃদ্ধি করা গেলে এ রোগে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ব হেপাটাইটিস দিবস এবং লিভার কেয়ার সোসাইটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত সুধী সমাবেশে এসব তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক হেপাটাইটিস আক্রান্ত রোগী, তাঁদের পরিবারের সদস্য, চিকিৎসক, লিভার কেয়ার সোসাইটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনায় জানানো হয়, বর্তমানে বিশ্বে প্রায় ২৯ কোটি মানুষ হেপাটাইটিস বি বা সি ভাইরাস বহন করছেন। কিন্তু আক্রান্তদের বড় একটি অংশ জানেনই না যে তারা এ ভাইরাসে আক্রান্ত। কারণ, দীর্ঘদিন কোনো উপসর্গ ছাড়াই শরীরে অবস্থান করে ভাইরাসটি ধীরে ধীরে লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের মতো প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে। বিশ্বে লিভার ক্যানসারে প্রতি তিনজন মৃত্যুর মধ্যে দুজনের পেছনে হেপাটাইটিস বি বা সি ভাইরাস দায়ী বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিভার কেয়ার সোসাইটির সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ একরাম হোসেন এবং চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ওমর ফারুক।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, হেপাটাইটিস নির্মূলে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধিতে লিভার কেয়ার সোসাইটির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক তারেক শামসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, উপসর্গ না থাকলেও ঝুঁকিতে থাকা ব্যক্তিদের হেপাটাইটিস পরীক্ষা করানো জরুরি। পাশাপাশি সময়মতো টিকা গ্রহণ, নিয়মিত স্ক্রিনিং, আধুনিক চিকিৎসা এবং জনসচেতনতা বাড়ানো গেলে এ রোগে মৃত্যুর হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে লিভার কেয়ার সোসাইটির গত পাঁচ বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করা হয়। পরে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়।
প্রাইমটিভি/এমএইচ

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







