রাজবাড়ীর শ্রীপুরস্থ লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সামাজিক অপরাধ, সাইবার জালিয়াতি ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কিশোর বয়স অত্যন্ত সংবেদনশীল। এ সময় অপরাধের পথ থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হওয়া এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা প্রয়োজন।

তিনি মাদকের ভয়াবহতা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, ইভটিজিং প্রতিরোধ, অনলাইন জুয়া এবং বিকাশ জালিয়াতিসহ বিভিন্ন ধরনের ডিজিটাল অপরাধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কিশোর গ্যাং সংস্কৃতি থেকে দূরে থেকে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ হেমায়েত উদ্দিন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় নয়, সামাজিক ও নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ করে গড়ে তোলা জরুরি। এ ধরনের উদ্যোগ তাদের সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

সচেতনতামূলক সভায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে ওসি উত্তম কুমার ঘোষ সেগুলোর উত্তর দেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তায় পুলিশ সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন।

প্রাইমটিভি/এমআর