পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

ছবিঃ সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। বুধবার (২৯ জুলাই) বিকেল পাঁচটার দিকে প্রায় এক ঘণ্টার বাগ্বিতণ্ডা ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর তাঁদের গাড়িবহর আবারও যাত্রা শুরু করে।
এর আগে বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা–কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহরের গতিরোধ করে পুলিশ। এ সময় সড়কে অবস্থান নিয়ে পুলিশ ও এনসিপি নেতাদের মধ্যে দীর্ঘ সময় বাক্বিতণ্ডা চলে।
গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপির অভিযোগ, হবিগঞ্জে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে পুলিশ তাঁদের সামনে এগোতে নিরুৎসাহিত করে এবং গাড়িবহর আটকে দেয়। এতে নেতা-কর্মীরা চা–কন্যা ভাস্কর্যের সামনে অবস্থান নেন। পরে ব্যারিকেড অতিক্রম করে তাঁরা হবিগঞ্জের পথে যাত্রা অব্যাহত রাখেন। সেখানে পৌঁছে দলটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
এর আগে হবিগঞ্জ পৌর শহরে বিকেল ৩টায় সমাবেশের ঘোষণা দিয়েছিল এনসিপি। একই সময়ে পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় হবিগঞ্জ জেলা ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য সংঘাত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন শহরের নির্দিষ্ট এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে।
এ ঘটনায় পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







