নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনে রড স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার তাড়াইল এলাকার রতনের ছেলে জিসান (১৮) এবং বিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।
ঘটনাস্থলে কর্মরত ঠিকাদার মো. হাসান জানান, ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর সেগুলো নিচে নামানোর প্রস্তুতি চলছিল। শ্রমিকদের সিঁড়ি ব্যবহার করে রড নামাতে নির্দেশনা দেওয়া হলেও একজন শ্রমিক ভবনের পাশ দিয়ে দীর্ঘ রড নামানোর চেষ্টা করেন। এ সময় রডটি ভবনের পাশ দিয়ে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এলে মুহূর্তেই দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তারা ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।
ভবনের মালিক আল আমিন জানান, নির্মাণকাজের সম্পূর্ণ দায়িত্ব ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয়েছিল। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তিনি বলেন, রডগুলো সিঁড়ি দিয়ে নিরাপদে নিচে নামানোর নির্দেশনা আগে থেকেই দেওয়া ছিল। পরে মোবাইল ফোনে জানতে পারেন, বিদ্যুতের তারে রড স্পর্শ করায় দুই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মারা গেছেন।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ জানান, হাসপাতালে পৌঁছানোর পর মরদেহ পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হয়, বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে। স্বজনদের কাছ থেকেও জানা গেছে, বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা নিচে পড়ে যান।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, নিহত দুই শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেস্ক রিপোর্ট
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







