পাবনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১ জন

ছবি:সংগৃহীত
পাবনার লস্করপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, এক শিশুর চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা থেকে বুধবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকটি বেওয়ারিশ কুকুর হঠাৎ পথচারীদের ধাওয়া করে এলোপাতাড়ি কামড়াতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি র্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত ১১ জনের মধ্যে তিনজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি আটজন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। হাসপাতালে পর্যাপ্ত র্যাবিস ভ্যাকসিন মজুত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে লস্করপুর এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ার অভিযোগ তুলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, একাধিকবার জানিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি।
এদিকে, পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম জানান, তিনি এ ঘটনার বিষয়ে অবগত নন।
প্রাইমটিভি/এমআর

জেলা প্রতিনিধি
© ২০২৬ প্রাইম টেলিভিশন, সর্বস্বত্ব সংরক্ষিত।







